খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

তরুণদের দেওয়া পাঞ্জাবি পরে সংসদে হাদি হত্যার বিচার চাইলেন এমপি মাসুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তরুণদের দেওয়া পাঞ্জাবি পরে সংসদে হাদি হত্যার বিচার চাইলেন এমপি মাসুদ

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

এলাকার তরুণ ও কিশোরদের দেওয়া পাঞ্জাবি পরে জাতীয় সংসদে হাজির হয়ে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তরুণদের মা-বাবার কাছ থেকে জমানো চাঁদার টাকায় কেনা পাঞ্জাবিটি পরে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্পিকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

সংসদে বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তিনি যে পাঞ্জাবি পরে সংসদে এসেছেন, সেটি এলাকার কয়েকজন তরুণ ও কিশোর তাদের মা-বাবার কাছ থেকে চাঁদা তুলে কিনে দিয়েছেন। পাঞ্জাবিটি দেওয়ার সময় তারা অনুরোধ করেছিলেন, সংসদে যেন আবারও শরিফ ওসমান হাদির হত্যার বিচারের বিষয়টি তুলে ধরা হয়।

সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া সম্মিলিত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শরিফ ওসমান হাদি যে কথাগুলো বলে গেছেন, তার প্রতিটি লাইন বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। পাঞ্জাবিটি পরে সংসদে আসার সময় তরুণদের চোখের অশ্রুভেজা চেহারা এখনো তাঁর চোখের সামনে ভাসছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তাঁর গায়ে থাকা পাঞ্জাবিটি শুধু একটি পোশাক নয়, বরং লাখো তরুণের আবেগ ও প্রত্যাশার প্রতীক। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের দ্বিতীয় অংশে নিজের নির্বাচনি এলাকা বাউফলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ নদীভাঙনের চিত্র তুলে ধরেন সংসদ সদস্য মাসুদ। তিনি বলেন, নদীভাঙনের কারণে বাউফলের ভৌগোলিক অবস্থান ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নদীভাঙনে শুধু জমিই বিলীন হয় না, এর সঙ্গে মসজিদ, মন্দির, মক্তব, স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানাসহ মানুষের সর্বস্ব হারিয়ে যায়।

ভাঙনকবলিত বাউফলবাসীকে রক্ষায় জিও ব্লক ও ডাম্পিংয়ের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি। এ বিষয়ে ইতোমধ্যে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং মন্ত্রী আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।

বাউফলের ধুলিয়া, কালাইয়া, কাছিপাড়া এবং বিচ্ছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপসহ সব ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের আওতায় আনার জন্য পানিসম্পদমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর আহ্বান জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।

তানজিলা আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম


ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ*ত্যা*র রহস্য, আট দিনেও গ্রে*প্তা*র নেই

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ*ত্যা*র রহস্য, আট দিনেও গ্রে*প্তা*র নেই

ছবিতে নি*হ*ত নুহা

গিয়াস রনি ।। নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জের সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে।

নিহত শিশুটির স্বজনেরা বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দিন থেকেই তারা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

যোগফল প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মো. সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এর আগে সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যার কিছুক্ষণ আগে সাঈদ খোকনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে কিশোর মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের (রমনা জোনাল টিম) পরিদর্শক মো. সুজন হক। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সরকারের পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনার তথ্য তদন্তে উঠে এসেছে বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে অন্যান্য আসামির পরিকল্পনা, পলাতক আসামিদের অবস্থান ও তাদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। পাশাপাশি অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, সাঈদ খোকনের আশ্রয়দাতা, বর্তমান আস্তানা এবং দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয় কিশোর আব্দুল মোতালিব। এ সময় তার বুকে ও গলায় গুলি লাগে। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত

ছবি যোগফল সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:

খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার সোলাদানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ ও পাইকগাছা থানা পুলিশ, খুলনা।

অভিযানকালে জব্দ করা আনুমানিক ৪ লাখ চিংড়ির পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।